1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

আগামীকাল সরস্বতী পূজা: সারাদেশে ধর্মীয় উৎসবে মেতে উঠবে হিন্দু সম্প্রদায়

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

আগামীকাল শুক্রবার বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। পঞ্চমী তিথিতে হিন্দু সম্প্রদায়ের অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রণাম জানাবেন। অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানালোক প্রাপ্তির আশায় দেবীর আরাধনায় অংশ নেবেন তারা।

সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে’—এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিদ্যা ও জ্ঞান অর্জনের প্রার্থনায় দেবীর অর্চনা করবেন ভক্তরা।

সরস্বতী পূজা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। বাণীতে তিনি হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। হাজার বছর ধরে এ দেশে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন। ধর্ম ও বর্ণভেদে নয়—বাংলাদেশ সকল মানুষের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি।

পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়, বিশেষ করে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করবে। রাজধানী ঢাকাসহ সারাদেশের মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জাসহ বিভিন্ন আয়োজন থাকবে।

সরস্বতী পূজাকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। জগন্নাথ হলকে কেন্দ্র করে রয়েছে বিশেষ আয়োজন। এ বছর জগন্নাথ হল প্রশাসনের কেন্দ্রীয় পূজাসহ মোট ৭৬টি মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭৪টি বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। দুই দিনব্যাপী এই আয়োজনে থাকবে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও রক্তদান কর্মসূচি। পাশাপাশি শিশু-কিশোরদের বিনোদনের জন্য রাইড, খেলনা ও বিশুদ্ধ খাবারের দোকানের ব্যবস্থাও রাখা হয়েছে।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন ও শিক্ষা), কোষাধ্যক্ষ ও প্রক্টরের সার্বক্ষণিক তত্ত্বাবধানে পূজামণ্ডপসহ পুরো হল প্রাঙ্গণের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ কাজে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), শাহবাগ থানা ও ফায়ার সার্ভিস প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।

এ ছাড়াও ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, সিদ্ধেশ্বরী মন্দির, শাঁখারী বাজার, তাঁতি বাজার, বনানী ও রমনা কালী মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপে সরস্বতী পূজা উদযাপন করা হবে। ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠবে পুরো পরিবেশ।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!