1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

আজ সরস্বতী পূজা: দেশজুড়ে বিদ্যা ও জ্ঞানের আরাধনা

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ শুক্রবার উদযাপিত হচ্ছে। প্রতিবছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা করা হয়।

আজ পঞ্চমী তিথিতে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বাড়িতে বাড়িতে অগণিত ভক্ত বাগদেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞান ও কল্যাণের পথে অগ্রসর হওয়ার প্রার্থনায় দেবীর পাদপদ্মে প্রণতি জানাচ্ছেন তারা।

সরস্বতী পূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আজ শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হচ্ছে এবং জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে বিশেষ নিবন্ধ।

এ উপলক্ষে হিন্দু সম্প্রদায়, বিশেষ করে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করেছে। রাজধানী ঢাকাসহ সারাদেশের মন্দির, মণ্ডপ ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনের কেন্দ্রীয় পূজামণ্ডপে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে কেন্দ্রীয় পূজামণ্ডপসহ বিভিন্ন বিভাগের আয়োজনে একাধিক পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে।

রাজধানীর রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালীমন্দির এবং ওয়ারীর রামসীতা মন্দিরসহ পুরান ঢাকার বিভিন্ন মন্দির ও মণ্ডপে পূজা, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হচ্ছে। পাশাপাশি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে।

সরস্বতী পূজা উপলক্ষে এক বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন,
“বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। হাজার বছর ধরে এ দেশে জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে মিলেমিশে বসবাস করে আসছেন। এ দেশ আমাদের সবার। ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি।”

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!