দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়-এর সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
এবারের পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই গ্রেডে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে। শিক্ষার্থীরা অনলাইনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-এর ওয়েবসাইটে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল (২০২৬) দিয়ে ফল জানতে পারবে। এছাড়া মোবাইল ফোনে বোর্ডের নাম, রোল নম্বর ও সাল লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালেও ফিরতি বার্তায় ফল পাওয়া যাবে।
ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা-এর চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির এবং বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
জানা গেছে, এ বছর সারা দেশে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। দেশের ৬১১টি কেন্দ্রে গত ২৮ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে ৬ জানুয়ারি শেষ হয়। নীতিমালা অনুযায়ী বোর্ডভিত্তিক আনুপাতিক হার ও উপজেলা পর্যায়ের কোটার ভিত্তিতে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়েছে।
বোর্ডভিত্তিক তথ্য অনুযায়ী, ঢাকা বোর্ডে নিবন্ধিত ছিল ৮৭ হাজার ৯৪৯ শিক্ষার্থী। এর মধ্যে ৮০ হাজার ২১৮ জন পরীক্ষায় অংশ নেয়। অন্যান্য বোর্ডের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী-এ ৪৩ হাজার ৬৬০ জন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা-এ ৪০ হাজার ২১৯ জন এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর-এ ৪০ হাজার ২৩১ জন পরীক্ষার্থী অংশ নেয়।
এ ছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর-এ ৩৮ হাজার ৬৭৬ জন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম-এ ২৯ হাজার ৫ জন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ-এ ২৩ হাজার ২০০ জন এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট-এ ২৩ হাজার ২২ জন পরীক্ষার্থী ছিল। সবচেয়ে কম পরীক্ষার্থী ছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল-এ, যেখানে ২০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়