বাংলাদেশে আর কোনো ধরনের মব কালচার সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দাবি আদায়ের নামে মহাসড়ক বা সড়ক অবরোধ করার দিন শেষ। এখন থেকে যেকোনো দাবি আইনানুগ ও বৈধ পন্থায় উপস্থাপন করতে হবে, অন্যথায় সরকার কঠোর ব্যবস্থা নেবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সংস্কার এবং পাসপোর্ট অফিসের ভোগান্তি নিরসনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা দেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি দায়িত্ব গ্রহণের প্রথম দিনই স্পষ্ট করে বলেছেন—বাংলাদেশে মব কালচারের কোনো জায়গা নেই। কোথাও এ ধরনের ঘটনা ঘটলে সরকারের প্রতিক্রিয়া হবে অত্যন্ত কঠোর।
তিনি বলেন, মব সৃষ্টি করে সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায়ের সংস্কৃতি আর চলবে না। “পরীক্ষা দেব না” কিংবা “আগামীকালই রেজাল্ট দিতে হবে”—এ ধরনের দাবি নিয়ে রাস্তায় নেমে জনভোগান্তি সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়।
মন্ত্রী আরও বলেন, কোনো বৈধ বা আইনসম্মত দাবি থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া, মিছিল-সমাবেশ করা কিংবা আদালতের আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে। তবে জনদুর্ভোগ সৃষ্টি করলে আইন তার নিজস্ব গতিতে চলবে।
পুলিশ প্রশাসন নিয়ে তিনি বলেন, বিগত সরকারের সময় লটারির মাধ্যমে ওসি ও এসপি নিয়োগের যে বিতর্কিত পদ্ধতি ছিল, তা বাতিল করা হয়েছে। এখন থেকে প্রার্থীদের সার্ভিস রেকর্ড, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতেই পদায়ন করা হবে।
তিনি আরও জানান, লটারির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ছিল না। তাই এখন থেকে পুলিশ বিভাগ যাকে দক্ষ ও যোগ্য মনে করবে, তাকেই উপযুক্ত স্থানে দায়িত্ব দেওয়া হবে।
এছাড়া জেলা পুলিশ সুপারদের (এসপি) জন্য পলিটিক্যাল প্রটোকল না দেওয়ার এবং কেবল বিধিবদ্ধ প্রটোকল অনুসরণের নির্দেশনাও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।