1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সর্বশেষঃ
মিরপুরে শ্রমিক বিক্ষোভে সরকারবিরোধী গোষ্ঠীর সংশ্লিষ্টতার সন্দেহ পুলিশের মিরপুরে শ্রমিকদের অবরোধ সরিয়ে দিল পুলিশ, স্বাভাবিক যান চলাচল যুবশক্তিকে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে: রাষ্ট্রপতি তাহসিফের মৃত্যু: তরুণী দিশা গ্রেফতার, রিমান্ডে দীপকে জিজ্ঞাসাবাদ শিক্ষা, আবাসন ও জীবনযাত্রার ব্যয় নিয়ে ইউরোপজুড়ে জেন-জির বিক্ষোভ মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড, কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু মিরপুর-১০-এ পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ

যুবশক্তিকে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের জনসংখ্যার সবচেয়ে বড় অংশ যুবসমাজ। এই জনমিতিক লভ্যাংশ দেশের জন্য বড় সম্পদ ও সম্ভাবনা। তরুণদের দক্ষতা ও কর্মক্ষমতাকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ সাফল্য অর্জন করবে।

রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এ জন্য প্রস্তুতির সময় আরও তিন বছর বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করতে হবে, যাতে উন্নয়নশীল দেশে উত্তরণের পর বাংলাদেশ আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।

এ ক্ষেত্রে যুবসমাজ সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে উল্লেখ করে তিনি বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ চালিকাশক্তি। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে তাদের কর্মমুখী করতে হবে এবং উৎপাদন খাতের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। শুধু রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে একটি দেশ এগিয়ে যায় না; একই সঙ্গে দেশ গড়ার কাজও করতে হয়।

যুব উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদান ও কার্যক্রমের কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজকে সব ক্ষেত্রে সম্পৃক্ত করতে হবে। দেশ গঠনের প্রতিটি ক্ষেত্রে তরুণদের প্রধান ভূমিকা পালনের সুযোগ তৈরি করতে হবে।

তরুণ ও নারী উদ্যোক্তাদের সাফল্যের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, অল্প পুঁজি নিয়ে অনেক তরুণ-তরুণী নিজেদের উদ্যোগে পণ্য উৎপাদন করছেন। দেশের বাজারের পাশাপাশি রপ্তানিতেও সাফল্য পাচ্ছেন তাঁরা। বিশেষ করে নারী উদ্যোক্তাদের উদ্যোগ তাঁকে মুগ্ধ করেছে। দেশীয় খাবার ও মিষ্টি তৈরি করে একজন নারী উদ্যোক্তা আয় করার পাশাপাশি বিদেশে পণ্য রপ্তানির উদ্যোগ নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

যুবসমাজকে শুধু চাকরির পেছনে না ছুটে স্বনির্ভর ও আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। উদ্যোক্তাদের সহায়তায় যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি প্রশিক্ষণ-পরবর্তী ঋণ সহায়তার ব্যবস্থাও রয়েছে। এসব উদ্যোগ আরও কার্যকর করতে হবে, যাতে প্রশিক্ষণ, ঋণ ও অন্যান্য সহায়তা উপযুক্ত উদ্যোক্তাদের কাছে পৌঁছায়। এর মাধ্যমে বেকারত্ব কমানোর পাশাপাশি আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, সরকারের দায়িত্ব হচ্ছে উদ্যোক্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া, তাঁদের উদ্যোগে সহায়তা করা এবং নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য ন্যূনতম মূলধনের ব্যবস্থা করা। ক্ষুদ্র উদ্যোক্তাদের যথাযথ সহযোগিতা করা গেলে তাঁরা নিজেরাই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।

যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে তরুণদের মাদকাসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যুবসমাজের মধ্যে মাদকের বিস্তার অত্যন্ত উদ্বেগজনক। এ সমস্যা মোকাবিলায় সচেতনতা, প্রচারণা ও কার্যকর কর্মসূচি গ্রহণ করতে হবে।

নারীর প্রতি সহিংসতা, যৌতুক ও বিভিন্ন ধরনের বৈষম্যসহ সামাজিক অনিয়মের বিরুদ্ধে যুবসমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। এসব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সংগঠিত হয়ে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রতিটি অঞ্চলে সচেতনতামূলক কার্যক্রম চালানোর ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাসের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়ে রাষ্ট্রপতি বলেন, বায়োগ্যাস প্রকল্পের ধারণা পুরোনো হলেও এটি অত্যন্ত কার্যকর ও উপযোগী। দেশে জ্বালানি ও বিদ্যুতের চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ পূরণে বায়োগ্যাস ভূমিকা রাখতে পারে। তাই পরিবেশবান্ধব এই জ্বালানি প্রকল্প সারা দেশে ছড়িয়ে দিতে হবে।

জাতীয় যুব পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাঁদের অর্জন দেশের অন্য তরুণ-তরুণীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

বক্তব্য শেষে রাষ্ট্রপতি জাতীয় যুব দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী চাকরি মেলা এবং দেশব্যাপী স্থাপিত বায়োগ্যাস প্ল্যান্টগুলোর উদ্বোধন ঘোষণা করেন। এর আগে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে যুব পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন তিনি।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল খায়ের ভূঁইয়া এবং মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান।

অনুষ্ঠানে যুব কার্যক্রমের ওপর নির্মিত একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে রাষ্ট্রপতি বিভিন্ন স্টল ও যুবমেলা পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page