
বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের রেল কর্তৃপক্ষের দুই দিনব্যাপী বার্ষিক বৈঠক মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকায় শুরু হচ্ছে। বৈঠকে তিনটি আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেনের চলাচল পুনরায় শুরুর বিষয়ে আলোচনা হবে।
বাংলাদেশ রেলওয়ে সূত্র জানিয়েছে, দুই দেশ সম্মত হলে আগামী মাস থেকেই ট্রেন তিনটির চলাচল পুনরায় শুরু হতে পারে। একই বৈঠকে রাজশাহী-কলকাতা রুটে নতুন একটি যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তাব দেবে বাংলাদেশ। পাশাপাশি ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে পরিচালনার আগ্রহের কথাও জানানো হবে।
দুই দেশের রেল কর্তৃপক্ষের এ বৈঠক আন্তঃসরকার রেলওয়ে মিটিং (আইজিআরএম) নামে পরিচিত। ঢাকার রেলভবনে অনুষ্ঠেয় বৈঠকে রেল কর্তৃপক্ষের পাশাপাশি দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশ নেবেন।
রেল কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেন তিনটি পুনরায় চালুর বিষয়ে ভারতীয় রেলওয়েরও আগ্রহ রয়েছে। তবে শুধু রেল কর্তৃপক্ষের সম্মতিতে ট্রেনগুলো চালু করা সম্ভব নয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অন্যান্য দপ্তরের মতামত এবং রাজনৈতিক পর্যায়ের সিদ্ধান্ত প্রয়োজন হবে।
২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার সময় আন্তঃদেশীয় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মৈত্রী এক্সপ্রেস ঢাকা-কলকাতা, বন্ধন এক্সপ্রেস খুলনা-কলকাতা এবং মিতালী এক্সপ্রেস ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে চলাচল করত।
দীর্ঘ বিরতির পর এবার আইজিআরএম বৈঠকের মাধ্যমে ট্রেন তিনটি পুনরায় চালুর বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হতে যাচ্ছে। পাশাপাশি রাজশাহী-কলকাতা রুটে নতুন ট্রেন চালুর প্রস্তাবও দেবে বাংলাদেশ।