
ইরানের সঙ্গে আলোচনা ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল’—হোয়াইট হাউসের এমন দাবিকে নাকচ করেছে ইরানের আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্র। সূত্রটির দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো সরাসরি আলোচনা চলছিল না।
ফারস নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে ওই সূত্র জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা চলমান ছিল—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো পর্যায়েই দুই দেশের মধ্যে এ ধরনের সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়নি।
হোয়াইট হাউসের বক্তব্যের বিষয়ে সূত্রটি জানায়, হরমুজ প্রণালির ওপর সার্বভৌমত্ব প্রয়োগের বিষয়টি নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা হয়েছিল। সাম্প্রতিক ওই আলোচনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক ছিল না বলেও দাবি করেন তিনি।
সূত্রটি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘন করার পর মার্কিন পক্ষের সঙ্গে আলোচনা বন্ধ হয়ে যায়। এরপর ওমানের সঙ্গে যে আলোচনা হয়েছে, সেটিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার অংশ হিসেবে দেখার সুযোগ নেই।
এদিকে, হোয়াইট হাউসের বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্র-ইরান কূটনৈতিক যোগাযোগ আপাতত স্থগিত রয়েছে। তবে ইরানি সূত্রের দাবি, সরাসরি আলোচনা চলছিলই না। ফলে দুই পক্ষের বক্তব্যে আলোচনার প্রকৃতি ও অবস্থান নিয়ে স্পষ্ট পার্থক্য দেখা দিয়েছে।