1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সর্বশেষঃ
নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেছে ৩৫টির বেশি বাড়িঘর ও সেতু রিয়াদে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, আটকা পড়েছেন প্রায় ৩ হাজার পর্যটক রিয়াদে হুতি হামলার ঘটনায় বাংলাদেশের কড়া নিন্দা তুরস্ক সরকারের সঙ্গে মক্কা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে: শফিকুর রহমান দিল্লিতে আটক সিজেপির তিন শীর্ষ নেতা শর্তসাপেক্ষে মুক্ত টেস্টে বাংলাদেশের তৃতীয় হ্যাটট্রিকম্যান হাসান মাহমুদ আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস, বাল্যবিয়ে বন্ধ ও অধিকার সুরক্ষার আহ্বান দিল্লিতে বিক্ষোভ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, মেট্রোর ৪৫ স্টেশন বন্ধের দাবি ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের গুলিতে ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজ, বেঁচে গেলেন ৭ বাংলাদেশিসহ ২৬ নাবিক

ভারতের আন্দোলনকারীদের পাশে থাকার ঘোষণা নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভারতের নির্বাচনব্যবস্থার সংস্কার, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে আন্দোলনরত তরুণদের প্রতি সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশের জুলাই প্রজন্ম ভারতের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনকারীদের পাশে রয়েছে।

শনিবার (১০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় নাহিদ ইসলাম এ সংহতি জানান।

বার্তায় তিনি বলেন, ইন্টারনেট বন্ধ করে শান্তিপূর্ণ আন্দোলনকারী ও নেতাদের আটক করা মৌলিক অধিকারের ওপর সরাসরি আঘাত। সুষ্ঠু নির্বাচনি ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্র-নাগরিকদের ওপর দমন-পীড়ন চলতে পারে না।

নাহিদ ইসলাম বলেন, এই লড়াই ভারতের তরুণদের একার নয়। ঢাকা থেকেও তাঁরা আন্দোলনকারীদের পাশে রয়েছেন। ক্ষমতার জবাবদিহি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও মানবিক মর্যাদার অভিন্ন দাবিতে দুই দেশের তরুণেরা ঐক্যবদ্ধ।

ভারতের আন্দোলনের সঙ্গে বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতার তুলনা করে নাহিদ ইসলাম বলেন, ওই বছরের জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে দেশব্যাপী গণঅভ্যুত্থানে রূপ নেয়। সে সময় ছাত্র-জনতার ওপর নির্বিচার গুলি চালানো হয়।

তিনি বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই সময়ে প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন। বাংলাদেশের অভ্যুত্থানের সময় ভারতের শিক্ষার্থী, লেখক ও স্বাধীন কণ্ঠস্বরের ব্যক্তিরা যে সংহতি জানিয়েছিলেন, তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তাঁরা।

নাহিদ ইসলাম আরও বলেন, ভারতের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস সমৃদ্ধ। শাহীনবাগের নারী সমাজ, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রজন্মের আন্দোলন তাঁদের অনুপ্রাণিত করেছে। বাংলাদেশের জুলাই আন্দোলনের মতো ভারতেও নারীরা আন্দোলনের সামনের সারিতে রয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

বার্তায় নাহিদ ইসলাম বলেন, হিন্দুত্ববাদী আগ্রাসন, ফ্যাসিবাদ কিংবা যেকোনো ধরনের ধর্মীয় আধিপত্যবাদ দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। তাঁর মতে, এ অঞ্চলের জনগণ কর্তৃত্ববাদ, সাম্প্রদায়িক ঘৃণা ও রাজনৈতিক অসহিষ্ণুতা প্রত্যাখ্যান করে।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ গড়ে উঠতে হবে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে। ধর্ম, জাতি, লিঙ্গ কিংবা শ্রেণির পরিচয় যেন মানুষের মধ্যে বৈষম্য তৈরি করতে না পারে, তা নিশ্চিত করা জরুরি।

নাহিদ ইসলাম আরও বলেন, যে সমাজ সংখ্যালঘুদের অধিকার হরণ করে, ভিন্নমতকে অপরাধ হিসেবে বিবেচনা করে এবং ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব নির্ধারণ করে, সেই সমাজ প্রকৃত গণতান্ত্রিক সমাজ হতে পারে না।

ভারতে আটক রাজনৈতিক কর্মীদের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, শারজিল ইমাম ও উমর খালিদকে বছরের পর বছর বিনা বিচারে আটকে রাখা হয়েছে বলে তাঁরা মনে করেন। এ ছাড়া তরুণ নেতৃত্বসহ আরও কয়েক হাজার মানুষকে আটকের কথাও উল্লেখ করেন তিনি।

ভারতের আন্দোলনকারী তরুণ ও রাজনৈতিক বন্দিদের সহযোদ্ধা হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম আটক নেতাদের অবিলম্বে মুক্তির দাবি জানান। তাঁর ভাষ্য, এসব তরুণের সাহস দক্ষিণ এশিয়ার যুবসমাজকে অনুপ্রাণিত করছে।

বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, সীমান্ত হত্যা বন্ধ, অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টন, পরিবেশ সংরক্ষণ এবং বাংলাদেশের সার্বভৌমত্ব নিশ্চিত করা তাঁদের অঙ্গীকার।

তিনি এমন একটি দক্ষিণ এশিয়ার প্রত্যাশা করেন, যেখানে রাষ্ট্রগুলো পরস্পরকে সমান মর্যাদা দেবে, সরকার জনগণের কাছে জবাবদিহি করবে এবং প্রতিটি দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে।

ভারতের গণতান্ত্রিক জনগণের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের জুলাই প্রজন্ম তাঁদের পাশে রয়েছে। আন্দোলনকারীদের ঐক্যবদ্ধ থাকার, পরস্পরকে রক্ষা করার এবং সাম্প্রদায়িক ঘৃণা প্রত্যাখ্যান করার আহ্বান জানান তিনি।

তাঁর মতে, বিভাজন ও ফ্যাসিবাদ থেকে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ রক্ষায় এ অঞ্চলের তরুণদের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page