1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বাংলাদেশে অফিস খোলার জন্য মেটাকে আমন্ত্রণ ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অপ্রতিমসহ নিরপরাধ শিশু হত্যার বিচার চেয়ে সাতক্ষীরায় মানববন্ধন ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও সদস্যদের নতুন প্রতীক নির্ধারণ জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের সৌজন্য সাক্ষাৎ সব সরকারি কলেজের চলমান ক্লাস রুটিন চেয়েছে মাউশি অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ফাতেহায়ে ইয়াজদাহম উদযাপন বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের কারাদণ্ড

নিউইয়র্কে প্রথম দিনেই ১০ কর্মসূচিতে ব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রে চার দিনের সরকারি সফরের প্রথম দিনেই ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৮টা থেকে শুরু হওয়া কর্মসূচি চলে রাত ৮টা পর্যন্ত। পূর্বনির্ধারিত ১২টি কর্মসূচির মধ্যে সময় স্বল্পতার কারণে দুটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী সরাসরি উপস্থিত হতে না পারলেও বাকি ১০টিতে তিনি সশরীরে অংশ নেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে বাংলাদেশ সময় ভোর ৫টায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ডিপ্লোম্যাট সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মাহদী আমিন। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসহ নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

মাহদী আমিন বলেন, প্রথম দিনে প্রধানমন্ত্রীর অংশ নেওয়া ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশলের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ও মর্যাদা আরও শক্তিশালী করাই সরকারের লক্ষ্য বলেও জানান তিনি।

প্রথম দিনের কর্মসূচির শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে আয়োজিত একটি বিশেষ প্রাতরাশে অংশ নেন। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীরা উপস্থিত ছিলেন। দিনের শেষভাগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আয়োজিত নৈশভোজেও সস্ত্রীক অংশ নেন প্রধানমন্ত্রী।

এর পাশাপাশি জাতিসংঘের বহুপাক্ষিক ফোরাম ও আঞ্চলিক সহযোগিতাসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী প্লেনারি অধিবেশনেও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। তার সঙ্গে ডা. জুবাইদা রহমান এবং বাংলাদেশের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।

মাহদী আমিন বলেন, বাংলাদেশের বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে একটি বিরল ঘটনা হিসেবে দেখছেন তারা। তার ভাষ্য অনুযায়ী, একই পরিবারের তিন সদস্যের এভাবে আন্তর্জাতিক মঞ্চে একটি দেশের প্রতিনিধিত্ব করার ঘটনা বিরল।

তিনি আরও বলেন, এই অধিবেশনের সভাপতিত্ব বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী করায় বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়েছে বলে তারা মনে করছেন।

সফরের প্রথম দিনেই আঞ্চলিক সহযোগিতা জোরদারে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহামেদ লতিফের সঙ্গে পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানো এবং পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গেও প্রধানমন্ত্রীর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচনে বিজয় এবং জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণের জন্য অভিনন্দন জানান। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় ও বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। মাহদী আমিন জানান, হাইতির সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও সক্ষমতা কীভাবে কাজে লাগানো যেতে পারে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

রোহিঙ্গা সংকট নিয়েও প্রথম দিনেই দুটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। একটি জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সঙ্গে এবং অন্যটি জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের সঙ্গে। এসব বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গাকে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় মিয়ানমারে ফেরানোর বিষয়ে আলোচনা হয়।

মাহদী আমিন জানান, আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে নিয়ে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক উদ্যোগের মাধ্যমে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরির বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ উদ্যোগে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে পরদিন একটি আন্তর্জাতিক সাইড ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথাও জানান তিনি।

এদিকে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দেশি-বিদেশি বিনিয়োগ, বাণিজ্য, নিয়ন্ত্রণ শিথিলকরণ, অর্থনৈতিক উদারীকরণ এবং বাজেট সহায়তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও বাড়ানো এবং ভবিষ্যতে যৌথ অংশীদারত্ব জোরদারের বিষয়টিও বৈঠকে উঠে আসে।

মাহদী আমিন জানান, পূর্বনির্ধারিত ১২টি কর্মসূচির মধ্যে সময় স্বল্পতার কারণে দুটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী সরাসরি অংশ নিতে পারেননি। এর একটি ছিল ইউরোপিয়ান কাউন্সিলের সঙ্গে বৈঠক এবং অন্যটি প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার সঙ্গে বৈঠক।

তবে মেটার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মনোনীত একটি উচ্চপর্যায়ের বিশেষ প্রতিনিধি দল বৈঠক করেছে। বাংলাদেশে মেটার বিপুলসংখ্যক ব্যবহারকারী থাকায় ডিজিটাল প্ল্যাটফর্মের নিরাপত্তা, আধুনিক প্রযুক্তি ও ডিজিটালাইজেশনের উন্নয়ন নিয়ে সেখানে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতিসংঘ মিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page