
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফটোগ্রাফি বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশন (সুপা)-এর উদ্যোগে প্রথম পর্বের তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ‘ডি’-এর নিচতলায় সংগঠনটির উপদেষ্টারা প্রদর্শনীর উদ্বোধন করেন। আয়োজকরা জানান, প্রদর্শনীটি আগামী ৮ আগস্ট রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীর দ্বিতীয় পর্ব আগামী ২৮ ও ২৯ আগস্ট ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, এ প্রদর্শনীর জন্য বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৪ হাজারের বেশি আলোকচিত্র জমা পড়ে। প্রাথমিকভাবে ভারত, স্পেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, ইথিওপিয়া, থাইল্যান্ড, নেদারল্যান্ডস, মেক্সিকোসহ ২১টিরও বেশি দেশের প্রায় ৫০০টি ছবি বাছাই করা হয়।
পরবর্তীতে বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত প্রদর্শনীর জন্য মোট ৮১টি আলোকচিত্র নির্বাচন করা হয়েছে।
আলোকচিত্র বাছাইয়ে বিচারকের দায়িত্ব পালন করেন পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের ফটোগ্রাফি বিভাগের প্রধান খন্দকার তানভির মুরাদ, প্রখ্যাত আলোকচিত্রী মিশুক আশরাফুল আওয়াল এবং শফিকুল আলম কিরণ।
আয়োজকরা জানান, নির্বাচিত আলোকচিত্রগুলো একক (ক্যামেরা), মোবাইল এবং ফটো স্টোরি—এই তিনটি ক্যাটাগরিতে প্রদর্শিত হচ্ছে। পুরো প্রতিযোগিতার জন্য ৪০০ মার্কিন ডলার প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে।
প্রদর্শনীটি সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।