
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি অক্টোবরের প্রথম ৯ দিনে ডেঙ্গুতে ৫০ জনের মৃত্যু হলো। আর চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২৯৫ জন।
শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩০০ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৪৫১ জনে।
মৃতদের মধ্যে নারী বেশি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ মারা যাওয়া শিশুটির বয়স শূন্য থেকে পাঁচ বছরের মধ্যে। চলতি বছরে ডেঙ্গুতে মোট ২৯৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৫১ দশমিক ৯ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ১ শতাংশ পুরুষ।
সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু
মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যান। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়।
এরপর জুলাইয়ে ৩৬ জন ও আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়। সেপ্টেম্বরে পরিস্থিতির আরও অবনতি ঘটে। ওই মাসে ডেঙ্গুতে প্রাণ হারান ১৪৮ জন। চলতি অক্টোবরের প্রথম ৯ দিনেই মারা গেছেন ৫০ জন। এর মধ্যে গত ৬ অক্টোবর এক দিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়।
বিভাগভিত্তিক মৃত্যুর চিত্র
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৮০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৩৫ জন এবং সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১৭ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া খুলনা বিভাগে ৬০ জন, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ২৫ জন করে, ময়মনসিংহে ২৩ জন, রাজশাহীতে ২১ জন, রংপুরে ছয়জন এবং সিলেট বিভাগে তিনজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি কমাতে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং মশার কামড় থেকে সুরক্ষিত থাকার বিষয়ে সচেতনতা জরুরি।