
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই বাংলাদেশি বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার (১০ আগস্ট) দিবাগত রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী জানান, রোববার দুপুর আনুমানিক ২টার দিকে রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় আগুন লাগে। পরে সেখানে কর্মরত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১০ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায় এবং তিনজন নাটোরের বাসিন্দা। বাকি নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।
অগ্নিকাণ্ডের পর স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। আগুনে মৃতদেহগুলো পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করতে জটিলতা তৈরি হয়েছে।
এদিকে, নিহতদের পরিচয় নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে মৃতদের নাম-পরিচয় শনাক্তকরণে সহযোগিতা করছেন।
মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক শোকবার্তায় সৌদি আরবের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
অগ্নিকাণ্ডের কারণ এবং নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় জানতে স্থানীয় সৌদি কর্তৃপক্ষের উদ্ধার ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।