
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) এলাকার একটি দোকানে অগ্নিকাণ্ডে নিহত ছয় বাংলাদেশির পরিচয় নিশ্চিত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন নারায়ণগঞ্জ এবং একজন মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা।
মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় ভোররাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলেন—নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকের চর গ্রামের মো. ফাহিম (২৯), আপন আহমেদ (২৩), নুর মোহাম্মদ (৫৫), একই জেলার ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর গ্রামের মো. শাহিন (৩০), সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের তৈলখিরার চর এলাকার মো. ফয়সাল (২৬) এবং মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কালিন্দিপাড়া গ্রামের মো. রাজিক (৫৫)।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার ভোররাত আনুমানিক ৩টার দিকে কুইন্সটাউন এলাকার ওই ব্যবসাপ্রতিষ্ঠানে হঠাৎ আগুন লাগে। আগুনের সময় নিহতরা দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
এ ঘটনায় আরও একজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ।
এ ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন প্রবাসী সংগঠন নিহতদের আত্মার শান্তি কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।