
বর্ণাঢ্য সমাপনী আয়োজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে তারুণ্যের উচ্ছ্বাসে ভরপুর ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার (৩ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশকে (এআইইউবি) ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
রোমাঞ্চকর ফাইনালে দুই দলের লড়াই উপভোগ করেন বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ও রানার্স-আপ এআইইউবির হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা। পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে কয়েকজন খেলোয়াড়কে ব্যক্তিগত পুরস্কার দেওয়া হয়।
ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান, ফুটবল কলামিস্ট ও বিশ্লেষক মো. ইকরামুজ্জামান, সাবেক জাতীয় ফুটবলার রুম্মন বিন ওয়ালিদ সাব্বির, বাফুফের নির্বাহী সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার সাঈদ হাসান কানন এবং বাফুফের নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ ও মো. জাকির হোসেন।
এ ছাড়া বসুন্ধরা গ্রুপ ও এবিজি স্পোর্টস সিটির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রতিনিধি, শিক্ষার্থী এবং ক্রীড়াপ্রেমীরা অনুষ্ঠানে অংশ নেন।
টুর্নামেন্টে ব্যক্তিগত পুরস্কারের মধ্যে ফাইনালের ম্যাচসেরা ও আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ড্যাফোডিলের ইউনুস আবু বকর। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন এআইইউবির আক্কাস আলি। একই দলের মেহেদি হাসান সেরা গোলরক্ষক এবং রাশেদুল ইসলাম সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছেন।
আনভীর-বসুন্ধরা গ্রুপের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিভার বিকাশ, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ানো ছিল আয়োজনের মূল লক্ষ্য।