
চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর চুক্তি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ২০২৬ সালের শেষ নাগাদ ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করতে নেতানিয়াহুর সঙ্গে তাঁরা একমত হয়েছেন।
ট্রাম্প বলেন, ইসরায়েলকে অর্থ দেওয়ার বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে তাঁর একটি চুক্তি হয়েছে। যুক্তরাষ্ট্র প্রতিবছর ইসরায়েলকে ৪০০ কোটি ডলার সামরিক সহায়তা দিয়ে থাকে। কয়েক মাস আগে এই সহায়তা বন্ধ করার বিষয়ে তাঁদের মধ্যে সমঝোতা হয়েছে।
যুক্তরাষ্ট্র কেন ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধ করছে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইসরায়েলের এখন আর এই সহায়তার প্রয়োজন নেই।