
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৫৯তম জন্মদিন আজ ২০ নভেম্বর। দেশের শীর্ষ নির্বাহী পদে আসীন হওয়ার পর এটিই তার প্রথম জন্মদিন। এ উপলক্ষে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা থাকলেও গত বছরের মতো এবারও কোনো ধরনের অনুষ্ঠান বা উৎসব না করার নির্দেশনা রয়েছে দলের পক্ষ থেকে।
তবে দলীয় নির্দেশনার বাইরে বিভিন্ন পর্যায়ে সামাজিক ও ধর্মীয় কর্মসূচির মাধ্যমে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছেন নেতাকর্মীরা। এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ২০ টাকা প্রতীকী মূল্যে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের আয়োজন করা হয়েছে। বিশেষ এই আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘বই উৎসব’।
অন্যদিকে, দল সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে রাজধানীর মগবাজারের জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলুরোড মাদরাসায় কোরআন খতম, দোয়া মাহফিল এবং মাদরাসার শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে।
১৯৬৮ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে। তার ডাকনাম ‘পিনো’। মাত্র ২২ বছর বয়সে ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হওয়ার মধ্য দিয়ে দলীয় রাজনীতিতে যুক্ত হন তিনি। তবে আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার আগেই রাজনীতিতে সক্রিয় ছিলেন তারেক রহমান।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে মা খালেদা জিয়ার সঙ্গে সারা দেশে নির্বাচনি প্রচারে অংশ নেন তিনি। ২০০১ সালের নির্বাচনেও মায়ের পাশাপাশি দেশব্যাপী প্রচার চালান। এসব কার্যক্রমের মধ্য দিয়ে রাজনীতির সামনের সারিতে সক্রিয় হয়ে ওঠেন তারেক রহমান।
২০০২ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তিনি। এরপর দেশজুড়ে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে গণসংযোগ শুরু করেন। বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিভিন্ন এলাকায় তৃণমূল পর্যায়ের সভা আয়োজন করেন। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলের তরুণ নেতাকর্মীদের কাছে প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতির সন্তান পরিচয়ের বাইরে একজন সংগঠক ও সক্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন তিনি।
তবে ওই সময়ে তার বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন অপপ্রচারের অভিযোগ ওঠে। ওয়ান-ইলেভেনের সরকারের সময় তাকে কারাগারে যেতে হয় এবং নির্যাতনের শিকার হতে হয়। একপর্যায়ে চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। সেখান থেকেই ধীরে ধীরে দলের পরিচালনায় সম্পৃক্ত হন এবং তৃণমূল নেতাকর্মীদের কাছে আস্থার প্রতীক হয়ে ওঠেন।
লন্ডনে অবস্থানকালে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায়ও বাধার মুখে পড়েন তারেক রহমান। আওয়ামী লীগ সরকারের সময় উচ্চ আদালতের এক আদেশের মাধ্যমে তার বক্তব্য ও বিবৃতি প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়, যা গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের আগ পর্যন্ত বহাল ছিল।
২০০৯ সালে ঢাকায় অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল এবং ২০১৬ সালে ষষ্ঠ জাতীয় কাউন্সিলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তারেক রহমান। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে যুক্তরাজ্যে অবস্থান করেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি।
২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বাধীন বিএনপি বিজয়ী হয়। এরপর ১৭ ফেব্রুয়ারি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিএনপির চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন তারেক রহমান।
২০২৬ সালের এপ্রিলে টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায়ও স্থান পান তিনি।