1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি প্রতিমন্ত্রীর ইশরাককে পদত্যাগের নির্দেশের গুঞ্জন, দাবি নাকচ করলেন প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যাচেষ্টার দাবি, আটক ১ ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭ অষ্টমী পূজা উপলক্ষে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সাইবার সুরক্ষা আইনে মতামত ও রাজনৈতিক সমালোচনায় শাস্তি না দেওয়ার সুপারিশ সম্পাদক পরিষদের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কারণ জানতে চাইল ঢাকা পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর

কলকাতার মুসলিম কলোনিতে এক মাস ধরে পানি নেই

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনিতে প্রায় এক মাস ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন কলোনির প্রায় সাড়ে তিন হাজার বাসিন্দা। একই এলাকার হিন্দুপ্রধান কলোনিগুলোতে নিয়মিত পানি সরবরাহ করা হলেও তাদের কলোনিতে পানি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

কলকাতা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জ্যোতিনগর কলোনিতে গত ২৯ জুলাই রাত থেকে পাঁচটি রাস্তার কলের পানি সরবরাহ বন্ধ রয়েছে। এর আগে বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়েছিল। পরে বিদ্যুৎ সংযোগ চালু হলেও পানি সরবরাহ স্বাভাবিক হয়নি।

পানি সংকটের কারণে বর্তমানে অর্থের বিনিময়ে কলকাতা পুরসভার কাছ থেকে পানি কিনতে হচ্ছে বাসিন্দাদের। অনেকে বাধ্য হয়ে হুগলি নদীর দূষিত পানি ব্যবহার করছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাদের কলোনির পানির সংযোগ বন্ধ থাকলেও একই সড়কের পাশে থাকা হিন্দুপ্রধান কলোনিগুলোতে নিয়মিত পানি সরবরাহ করা হচ্ছে। এ কারণে তারা বৈষম্যের অভিযোগ তুলেছেন।

বাসিন্দাদের আরও অভিযোগ, পানি সরবরাহ বন্ধের ঘটনায় স্থানীয় বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারির ভূমিকা রয়েছে। তাদের দাবি, নির্বাচনের পর এক সভায় তিওয়ারি মুসলিমরা তাকে ভোট দেননি উল্লেখ করে আগামী পাঁচ বছর তাদের জন্য কোনো কাজ করবেন না বলে হুমকি দিয়েছিলেন। তবে এ অভিযোগের বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, গত ২৭ জুলাই কলকাতা পুরসভার কর্মীরা কলোনির পানির পাইপলাইন মেরামতের কাজ শুরু করেন। ২৯ জুলাই পর্যন্ত কাজ চলে এবং ওই দিনও পানি সরবরাহ পাওয়া যায়। কিন্তু রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়।

পরদিন কলকাতা পুরসভার কার্যালয়ে যোগাযোগ করেও কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে দাবি বাসিন্দাদের। পরে রাস্তার আলোও বন্ধ হয়ে যায়। যদিও পরবর্তী সময়ে রাস্তার আলো আবার চালু করা হয়েছে।

প্রায় ছয় দশক ধরে এই কলোনিতে মানুষের বসবাস। বর্তমানে সেখানে প্রায় ৫০০ পরিবারের সাড়ে তিন হাজার মানুষ রয়েছেন। বাসিন্দাদের অধিকাংশ মুসলিম হলেও কিছু হিন্দু পরিবারও সেখানে বসবাস করে। স্থানীয়ভাবে এলাকাটি ‘মোল্লা পাড়া’ বা ‘মুসলিম কলোনি’ নামে পরিচিত।

দীর্ঘদিন পানি সরবরাহ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা। বাসিন্দারা জানান, শিশুরা মুখ ধোয়া ও গোসলের জন্য হুগলি নদীর ঘাটে যেতে বাধ্য হচ্ছে। অনেকে সাঁতার না জানলেও পরিস্থিতির কারণে নদীতে নামছেন। এতে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।

বাসিন্দা শেখ মইনউদ্দিনের দাবি, নদীর দূষিত পানি ব্যবহারের পর অনেক শিশুর জ্বর, মাথাব্যথা ও ত্বকের সমস্যা দেখা দিয়েছে। ঘাটের কাদা ও পিচ্ছিল ধাপে পড়ে অনেকে আহতও হয়েছেন বলে জানান তিনি।

কলোনিতে একটি মসজিদ থাকলেও পানি না থাকায় সেখানে নামাজ পড়তে যাওয়া মুসল্লিরা অজু করতে পারছেন না বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা সরস্বতী বিশ্বাস বলেন, বহু বছর ধরে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দরিদ্র মানুষ সেখানে একসঙ্গে বসবাস করছেন। কিন্তু এর আগে কখনো এমন সমস্যার মুখোমুখি হতে হয়নি।

পানি সংকটের প্রভাব পড়েছে শিশুদের পড়াশোনাতেও। স্থানীয় স্কুলছাত্রী ইসমা খাতুন জানায়, পানি না থাকায় সে নিয়মিত স্কুলে যেতে পারছে না। পরীক্ষার সময় এই সংকট শুরু হওয়ায় তার পড়াশোনাও ব্যাহত হচ্ছে।

দীর্ঘদিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় ভবিষ্যতে উচ্ছেদের আশঙ্কাও করছেন কলোনির বাসিন্দারা। তাদের দাবি, দ্রুত পানি সরবরাহ পুনরায় চালু করে সমস্যার সমাধান করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page