সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের আন্দ্রা গ্রামে একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক দখল করে চলাচলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এতে অন্তত ২০টি পরিবার দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আন্দ্রা গ্রামের পূর্বপাড়া থেকে আশপাশের বিভিন্ন এলাকার সংযোগকারী এই সড়কটি প্রায় ৪০ থেকে ৪৫ বছর ধরে সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। স্কুলগামী শিক্ষার্থী, কৃষক ও রোগীরা প্রতিদিনই এই সড়ক ব্যবহার করেন। পরে স্থানীয় সরকার বিভাগ জনস্বার্থে সড়কটি হেরিংবোন (ইট বিছানো) পদ্ধতিতে উন্নয়ন করে।
এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি একই গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে মো. মজিবর রহমান সড়কের ইট তুলে ফেলেন এবং মাঝখানে বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেন। এতে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আবদুল্লাহ আল মামুন বলেন, এই সড়ক দিয়ে স্কুলগামী শিক্ষার্থী ও রোগীদের যাতায়াত করা হতো। এখন বেড়া দেওয়ায় বাধ্য হয়ে দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে, যা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।
কৃষক মো. জুবায়ের হোসেন জেমস জানান, কৃষিপণ্য পরিবহনেও সমস্যা দেখা দিয়েছে। ধান কাটার পর তা বাড়িতে আনতে না পারায় ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষতি হতে পারে বলেও তিনি জানান।
স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।
তবে অভিযোগ অস্বীকার করে মো. মজিবর রহমান বলেন, তিনি কোনো সরকারি রাস্তা দখল করেননি। তার দাবি, নিজের জমির সীমানার মধ্যেই তিনি বেড়া দিয়েছেন এবং বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল খালেক পাটোয়ারী বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত সড়ক থেকে প্রতিবন্ধকতা অপসারণ করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।