সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোছা: সামিরা সুলতানা বলেছেন, কৃষি প্রযুক্তির সর্বোচ্চ প্রয়োগ ও সঠিক ব্যবহারের মাধ্যমে দেশকে স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে কৃষিতে নতুন বিপ্লব ঘটাতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (৭ মে) যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, কৃষিনীতিতে সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার ফলে তার সময়ে কৃষিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারাবাহিকতায় খাল খনন, বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছেন বলেও উল্লেখ করেন তিনি।
এমপি সামিরা সুলতানা আরও বলেন, কৃষিভিত্তিক একটি পাইলট প্রকল্প দ্রুত চালুর পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে কৃষক-কৃষাণী ও উপকারভোগীদের সরকারি সহায়তা আরও সহজভাবে পৌঁছে দেওয়া হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক সাফফাত আরা সাঈদ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস সামাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজালাল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল অহেদ, প্রেসক্লাব সভাপতি মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও কৃষক প্রতিনিধি।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে এমপি সামিরা সুলতানা ও ইউএনও সাফফাত আরা সাঈদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পরে কৃষি প্রযুক্তি মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল এবং সবজি, ফল ও মসলা চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষের চারা রোপণ করেন।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়