চলতি মে মাসের প্রথম ছয় দিনেই দেশে ৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে প্রতিদিন গড়ে প্রায় ১২ কোটি ৫৩ লাখ ডলার করে প্রবাসী আয় দেশে প্রবাহিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৬২ কোটি ৫০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৬ মে পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা আগের বছরের তুলনায় ১৯ দশমিক ৬০ শতাংশ বেশি।
এর আগে, গত এপ্রিলে দেশে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স। আর মার্চ মাসে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
এ ছাড়া জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন মাসে রেমিট্যান্স প্রবাহ ছিল ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী। ফেব্রুয়ারিতে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার।
অন্যদিকে, ডিসেম্বর মাসে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স।
এ ছাড়া আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাই মাসে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠান প্রবাসীরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়