দেশের প্রবাসী আয়ে (রেমিট্যান্স) চলতি অর্থবছরে শক্তিশালী প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিল মাসের প্রথম ২৯ দিনেই দেশে এসেছে ৩০০ কোটি ২০ লাখ মার্কিন ডলার (৩.০০২ বিলিয়ন) রেমিট্যান্স। এতে প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি ৩৫ লাখ ডলার দেশে প্রবেশ করেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৬০ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে এবার উল্লেখযোগ্য হারে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯২১ কোটি মার্কিন ডলার। বছরওয়ারি হিসাবে এই প্রবাহ প্রায় ১৯ দশমিক ৮০ শতাংশ বেশি।
এর আগে, চলতি বছরের মার্চ মাসে দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স, যা একক মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। গত ডিসেম্বরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার।
বিশ্লেষকদের মতে, বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, প্রণোদনা সুবিধা এবং বৈদেশিক শ্রমবাজারে কর্মসংস্থান বৃদ্ধির ফলে রেমিট্যান্স প্রবাহে এই ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে চলতি অর্থবছর শেষে সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।