নগরীর আকবর শাহ এলাকায় একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে আকবর শাহ থানাধীন লতিফপুর এলাকায় অবস্থিত ম্যাক্স ফোম কারখানাটিতে এ আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং প্রায় পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের এক অপারেটর জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কার্যক্রম শুরু করে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে সুনির্দিষ্ট কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয়দের মতে, অগ্নিকাণ্ডে কারখানাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, ক্ষতির পরিমাণ ও বিস্তারিত তদন্ত শেষে নিশ্চিত করা হবে।