দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.৩৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (৬ মে) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র Arif Hossain Khan এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৫ মে একদিনেই দেশে ১৬১ মিলিয়ন মার্কিন ডলারের প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। চলতি মে মাসের প্রথম পাঁচ দিনে মোট রেমিট্যান্স এসেছে ৬১৬ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের ৪৭৭ মিলিয়ন ডলারের তুলনায় প্রায় ২৯ দশমিক ১ শতাংশ বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৬ মে পর্যন্ত দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩৩০ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলারে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ৬৭৪ দশমিক ০৭ মিলিয়ন ডলারে।
এর আগে, ৫ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ৩০৫ দশমিক ৪২ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩০ হাজার ৬১৫ দশমিক ২৭ মিলিয়ন ডলার।
বিশ্লেষকদের মতে, প্রবাসী আয় প্রবাহ বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে, যা দেশের আমদানি ব্যয় ও বৈদেশিক লেনদেন ব্যবস্থাপনায় সহায়ক ভূমিকা রাখতে পারে।