জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন এ ভাড়া গতকাল থেকেই কার্যকর হয়েছে।
মঙ্গলবার (৫ মে) Ministry of Shipping-এর টিএ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, Bangladesh Inland Water Transport Authority-এর আওতাধীন ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’-এর বিধি ২৭ অনুযায়ী যাত্রীভাড়া সমন্বয় করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৭৭ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ১৮ পয়সা।
এ ছাড়া ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে পরবর্তী প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করা হয়েছে। এ ক্ষেত্রে ভাড়া বেড়েছে ১৪ পয়সা।
অন্যদিকে, সর্বনিম্ন যাত্রীভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩২ টাকা নির্ধারণ করেছে সরকার।
সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় নৌযান পরিচালনা ব্যয়ও বেড়েছে। সে কারণে নতুন ভাড়া কাঠামো নির্ধারণ করা হয়েছে।