দেশে হাম-সংক্রান্ত রোগে উদ্বেগজনক পরিস্থিতি দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে এ রোগে সাতজনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে দুজনের মৃত্যু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে হয়েছে, আর বাকি পাঁচজন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
বুধবার (৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৫৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৮ জনে।
এদিকে আক্রান্তের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৯ জন। একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ২৬০ জন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এ সময়ে হাম সন্দেহে ৩০ হাজার ৮৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ২২৩ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধি এখন অত্যন্ত জরুরি।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়