২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ ম্যাচ পাতানো ও দুর্নীতির অভিযোগে তদন্ত শেষে পাঁচজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযুক্তদের মধ্যে একজন ক্রিকেটারও রয়েছেন বলে জানিয়েছে বোর্ড।
বৃহস্পতিবার (৭ মে) মিরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল বলেন, তদন্তে অন্তত পাঁচজন ব্যক্তি ম্যাচ পাতানো ও সংশ্লিষ্ট অনিয়মে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
তিনি জানান, প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তদন্ত ও আনুষ্ঠানিক প্রক্রিয়ার স্বার্থে এখনই অভিযুক্তদের নাম প্রকাশ করা হয়নি।
বিসিবি জানিয়েছে, খুব শিগগিরই পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযুক্তদের নাম, অভিযোগের ধরন এবং শাস্তির বিস্তারিত প্রকাশ করা হবে।
এর আগে ২০২৫ মৌসুমে বিপিএলের কয়েকটি দল, ক্রিকেটার ও কোচের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠার পর বিসিবি একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। দীর্ঘ অনুসন্ধান শেষে কমিটি প্রায় ৯০০ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দেয়।
পরে প্রতিবেদনটি বিসিবির দুর্নীতি দমন শাখার প্রধান অ্যালেক্স মার্শাল-এর কাছে পাঠানো হয়। স্বাধীন যাচাই-বাছাই শেষে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানা যায়।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিষিদ্ধ হওয়া ক্রিকেটারদের একজন হলেন অমিত মজুমদার, যিনি রংপুর রাইডার্স-এর হয়ে খেলেছিলেন। তবে বাকি চারজনের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।