বলিউড তারকাদের বিলাসবহুল জীবনযাপন নিয়ে আলোচনা নতুন নয়। শুটিং সেটে তাদের নানা চাহিদা ও বিশেষ ব্যবস্থার খবর প্রায়ই সামনে আসে। এবার সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছে অভিনেতা রণবীর সিং-কে ঘিরে এক চমকপ্রদ দাবি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ঋদ্ধিমা সামন্ত একটি ভিডিওতে দাবি করেন, বলিউডের অনেক তারকা শুটিং সেটে অদ্ভুত সব শর্ত জুড়ে দেন। তার ভাষ্য অনুযায়ী, কেউ কেউ সাধারণ পানির বদলে মিনারেল ওয়াটার বা বোতলজাত পানি ব্যবহার করেন, এমনকি গোসলের জন্যও আলাদা পানির ট্যাংকের ব্যবস্থা করতে হয়।
ভিডিওটি প্রকাশের পর বলিউডের পরিচিত মুখ ওরহান আত্রামানি মন্তব্য করে মজার ছলে লেখেন, “গোপন কথা প্রকাশ না করার জন্যই তো চুক্তি করেছিলাম, এবার আইনজীবীরা কথা বলবে।”
তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে এক নেটিজেনের মন্তব্য। তিনি দাবি করেন, গুন্ডে সিনেমার কস্টিউম বিভাগে কাজ করার সময় ভোরবেলা রণবীর সিংয়ের ভ্যানিটি ভ্যানে বড় বড় মিনারেল ওয়াটারের বোতল নিতে দেখতেন। তার দাবি, অভিনেতা সেই পানি দিয়েই গোসল করতেন।
যদিও বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে, তবে এখন পর্যন্ত রণবীর সিং বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
এদিকে, তারকাদের এমন বিলাসী অভ্যাস নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টিকে তারকাখ্যাতির অংশ হিসেবে দেখছেন, আবার অনেকে এটিকে অপ্রয়োজনীয় অপচয় বলেও মন্তব্য করছেন।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়