বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার Academy Awards সামনে রেখে নতুন নিয়ম ঘোষণা করেছে Academy of Motion Picture Arts and Sciences। এতে অভিনয় ও চিত্রনাট্য বিভাগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, অভিনয় বিভাগে শুধুমাত্র মানুষের বাস্তব পারফরম্যান্সই অস্কারের জন্য বিবেচিত হবে। এআই বা ডিজিটালভাবে তৈরি কোনো অভিনয় পারফরম্যান্সকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
একইভাবে চিত্রনাট্য বিভাগেও মানব-লিখিত কনটেন্ট বাধ্যতামূলক করা হয়েছে। তবে সহায়ক টুল হিসেবে এআই ব্যবহারে নিষেধ নেই, কিন্তু সৃজনশীল নিয়ন্ত্রণ অবশ্যই মানুষের হাতে থাকতে হবে বলে জানিয়েছে একাডেমি।
অভিনয় বিভাগে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে একজন শিল্পী একই ক্যাটাগরিতে একাধিক কাজের জন্য মনোনয়ন পেতে পারবেন।
আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগেও সাবমিশন নীতিতে শিথিলতা আনা হয়েছে, ফলে আন্তর্জাতিক উৎসবে পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলোও সহজে মনোনয়নের সুযোগ পাবে।
মৌলিক গানের ক্ষেত্রে নতুন নিয়মে বলা হয়েছে, কোনো গান যদি চলচ্চিত্রের শেষে ব্যবহৃত হয়, তবে সেটি শেষ দৃশ্যের অন্তত ১৫ সেকেন্ড আগে শুরু হতে হবে। অন্যথায় সেই গান অস্কারের জন্য বিবেচিত হবে না। তবে সিনেমার বিভিন্ন অংশে গানের ব্যবহার গ্রহণযোগ্য থাকবে।
এছাড়া টেকনিক্যাল বিভাগ ও ভোটিং প্রক্রিয়াতেও কিছু কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে একাডেমি।
উল্লেখ্য, কয়েক বছর আগে হলিউডে লেখকদের আন্দোলনের সময় চিত্রনাট্যে এআই ব্যবহারের বিরোধিতা বড় ইস্যু হয়ে ওঠে। ইতিমধ্যে বিভিন্ন স্টুডিও, অভিনেতা ও লেখক মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগে একাধিক এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন।
তবে সামগ্রিকভাবে চলচ্চিত্র নির্মাণে এআই ব্যবহারের ওপর কোনো পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। অভিনয় ও চিত্রনাট্য ছাড়া অন্যান্য ক্ষেত্রে নির্মাতারা এআই প্রযুক্তি ব্যবহার করতে পারবেন।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়