যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নৃশংস হত্যাকাণ্ডে নিহত দুই বাংলাদেশি গবেষণা শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৯ মে বসন্তকালীন সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৫ মে মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেটকে চিঠির মাধ্যমে বিষয়টি জানায়। এতে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে একজন প্রতিনিধিকে সমাবর্তনে উপস্থিত থেকে ডিগ্রি গ্রহণের অনুরোধ জানানো হয়। পরে কনস্যুলেটের একজন প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নিয়ে পরিবারের পক্ষে ডিগ্রি গ্রহণ করবেন।
পরিবার সূত্রে জানা গেছে, ৬ মে টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ৭ মে তার মরদেহ বাংলাদেশে পাঠানো হবে এবং ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
জামিল আহমেদ লিমন (২৭) খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্পন্ন করে যুক্তরাষ্ট্রে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে উচ্চতর গবেষণায় যুক্ত ছিলেন। অন্যদিকে, নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন এবং রাসায়নিক প্রকৌশল বিষয়ে অধ্যয়ন করছিলেন।
গত ১৬ এপ্রিল তারা নিখোঁজ হন বলে জানা যায়। পরে যোগাযোগ বিচ্ছিন্ন হলে পরিবারের পক্ষ থেকে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। তদন্তের এক পর্যায়ে সন্দেহভাজন হিসেবে তাদের সহবাসী এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ।
পরে ২৪ এপ্রিল ফ্লোরিডার একটি সেতুর কাছে থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয় বলে স্থানীয় কর্তৃপক্ষ জানায়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়