ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম শপথ গ্রহণ করেছেন।
বুধবার (৬ মে) দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার পর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া, ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শপথ গ্রহণ শেষে নুসরাত তাবাসসুম নিয়ম অনুযায়ী সংসদ সচিবের কার্যালয়ে সংরক্ষিত শপথ বইয়ে স্বাক্ষর করেন।
জানা যায়, গত ২১ এপ্রিল সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। ওই দিন নির্ধারিত সময় বিকেল ৪টার মাত্র ১৯ মিনিট পর মনোনয়ন জমা দেওয়ায় নির্বাচন কমিশন (ইসি) তা গ্রহণ করেনি। পরে তিনি আদালতের শরণাপন্ন হন।
উচ্চ আদালতের নির্দেশনার পর ইসি তার মনোনয়নপত্র গ্রহণ ও যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এর মধ্য দিয়ে তার সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পথ সুগম হয়।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়