দেশের উত্তরাঞ্চলসহ কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৬ মে) অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা ও বগুড়া অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী বিভাগের জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়টি দেশে প্রবেশ করতে পারে। এটি বেলা সাড়ে ১১টার পর পূর্বদিকে অগ্রসর হয়ে দুপুর পর্যন্ত রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় প্রভাব ফেলতে পারে।
একই সময় ঝড়টির প্রভাবে রংপুর বিভাগের দিনাজপুর, রংপুর, নীলফামারী ও লালমনিরহাট এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এটি ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে বিস্তার লাভ করতে পারে।
ঢাকা শহরে দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে পূর্বাভাস। বিশেষজ্ঞদের মতে, ঝড়ের সময় বাতাসের গতি ও বজ্রপাতের ঝুঁকি বেশি থাকতে পারে।
আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়