মে দিবস উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে আয়োজিত শ্রমিক সমাবেশে ‘গুপ্ত রাজনীতি’ না করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
শুক্রবার (১ মে) ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আয়োজিত এ সমাবেশে তিনি বলেন, দলের সব কার্যক্রম প্রকাশ্য ও স্বচ্ছ। ইসলামের স্বার্থে ক্ষমতা ত্যাগের দৃষ্টান্তও তারা স্থাপন করেছে বলে দাবি করেন তিনি।
শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে ফয়জুল করীম বলেন, বিভিন্ন সময়েই শ্রমিকরা বঞ্চিত ও নির্যাতনের শিকার হয়েছেন। তাদের স্বার্থ রক্ষায় রাষ্ট্রীয়ভাবে শ্রমিকদের জন্য বিশেষ কার্ড চালুর প্রস্তাব দেন তিনি। এ কার্ডের মাধ্যমে চিকিৎসা, খাদ্য ও আবাসনের নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অতীতে ইসলামের স্বার্থে দলটি কোনো সমঝোতায় যায়নি। বরং গোপন আঁতাতের রাজনীতির বাইরে থেকে স্পষ্ট অবস্থান নিয়েছে।
সংসদে মুক্তিযুদ্ধ বনাম রাজাকারের বিতর্ক পুনরায় উত্থাপনকে বিভ্রান্তিকর উল্লেখ করে তিনি বলেন, বিরোধী দলগুলোর উচিত তাদের অবস্থান পরিষ্কার করা—তারা শরীয়াহভিত্তিক শাসনব্যবস্থা নাকি প্রচলিত ব্যবস্থার পক্ষে।
তিনি আরও অভিযোগ করেন, আগের নির্বাচন ছিল ‘সমঝোতা ও ভাগাভাগির নির্বাচন’, যার ফলে বিরোধী দলগুলো তাদের ভূমিকা নির্ধারণে বিভ্রান্ত হয়েছে। ইসলামের পক্ষে অবস্থান নেওয়ায় তাদের দলকে পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
দেশে নতুন করে ‘জঙ্গি নাটক’ তৈরি করা হচ্ছে উল্লেখ করে তা বন্ধের দাবি জানান এই নেতা।
সমাবেশে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বর্তমান সরকার নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছে না। ‘জুলাই সনদ’ নিয়ে মিথ্যা অঙ্গীকারের অভিযোগও তোলেন তিনি। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং শ্রমিকদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির আহ্বান জানান।
সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম বলেন, শ্রমিক দিবস এলেও শ্রমিকদের অধিকার বাস্তবে প্রতিষ্ঠিত হয় না। সরকার পরিবর্তন হলেও শ্রমিকদের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ, বরগুনা-২ আসনের সংসদ সদস্য মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহ ও খলিলুর রহমান। এতে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়