দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ শনিবার (২ মে) সিলেট সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এ সফরে মাজার জিয়ারত, উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছানোর কথা রয়েছে তার। সেখান থেকে তিনি প্রথমে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করবেন।
এরপর সিলেট সিটি করপোরেশন-এর উদ্যোগে শহরের জলাবদ্ধতা নিরসনে গৃহীত একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ উপলক্ষে সিলেট সার্কিট হাউজ সংলগ্ন চাঁদনী ঘাট এলাকায় একটি সুধী সমাবেশেও যোগ দেবেন তিনি।
দুপুরে সিলেট সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে অবস্থিত বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর উদ্বোধন করবেন তিনি, যা অনুষ্ঠিত হবে সিলেট জেলা স্টেডিয়াম-এ। শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি-র সিলেট মিলনায়তনে একটি সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দিনশেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে ইতোমধ্যে সিলেটজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়