দেশের উত্তর-পূর্বাঞ্চলের অন্তত পাঁচটি নদীর পানি প্রাক-মৌসুমী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে নেত্রকোণা জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
কেন্দ্রের সহকারী প্রকৌশলী ইমন কল্যাণ দাশ শুক্রবার (১ মে) সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, কয়েকটি পয়েন্টে নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। নেত্রকোণায় টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং এই প্রবণতা আরও তিন দিন থাকতে পারে। এতে নতুন এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্রের নিয়মিত বুলেটিন অনুযায়ী, সুনামগঞ্জ জেলার নলজুর নদী (জগন্নাথপুর পয়েন্ট), নেত্রকোণার ভুগাই-কংস নদী (জারিয়াজাঞ্জইল পয়েন্ট), সোমেশ্বরী নদী (কলমাকান্দা পয়েন্ট), মগরা নদী (নেত্রকোণা ও আটপাড়া পয়েন্ট) এবং হবিগঞ্জের সুতাং নদী (সুতাং রেলওয়ে ব্রিজ পয়েন্ট)—এসব স্থানে পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট জেলার সুরমা-কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেলেও সুনামগঞ্জে তা স্থিতিশীল রয়েছে। অন্যদিকে ভুগাই-কংস নদীর পানি বেড়েছে, তবে ধনু-বাউলাই নদীর পানি স্থিতিশীল রয়েছে।
কেন্দ্র জানিয়েছে, উজানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হলেও দেশের ভেতরের হাওর অঞ্চলে মাঝারি বৃষ্টি হয়েছে। তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন এই অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।
সংস্থাটি জানায়, ২৪ ঘণ্টায় ১২–২২ মিলিমিটার বৃষ্টিকে মাঝারি, ২৩–৪৩ মিলিমিটারকে মাঝারি-ভারী এবং ৪৪–৮৮ মিলিমিটারকে ভারি বৃষ্টিপাত হিসেবে ধরা হয়।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সিলেট ও সুনামগঞ্জে সুরমা-কুশিয়ারা নদীর পানি আগামী এক দিন স্থিতিশীল থাকলেও পরবর্তী দুই দিনে বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে।
অন্যদিকে নেত্রকোণা ও কিশোরগঞ্জে ভুগাই-কংস এবং ধনু-বাউলাই নদীর পানি আগামী তিন দিনে বাড়তে পারে। বিশেষ করে বাউলাই নদী খালিয়াজুরী পয়েন্টে দ্বিতীয় দিনে বিপৎসীমা অতিক্রম করতে পারে, ফলে নেত্রকোণার হাওর এলাকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
এছাড়া মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই ও জুড়ি নদীর পানিও দ্রুত বাড়তে পারে। পূর্বাভাস অনুযায়ী, জুড়ি নদী দ্বিতীয় দিনে এবং মনু ও খোয়াই নদী তৃতীয় দিনে বিপৎসীমা অতিক্রম করতে পারে।
ফলে এসব জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়