চাঁদপুরে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী Dr. A N M Ehsanul Haque Milon জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩০০ জন সহকারী শিক্ষককে শর্তসাপেক্ষে দ্রুত নিয়োগ দেওয়া হবে।
শুক্রবার (১ মে) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে এ নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনা থাকলেও বিষয়টি সরকার গুরুত্বসহকারে পর্যালোচনা করেছে। শিক্ষার মান উন্নয়নের স্বার্থে দ্রুত সময়ের মধ্যেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা অচিরেই নিয়োগ পাবেন বলেও তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, তড়িঘড়ি করে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। তবে সব দিক বিবেচনায় নিয়ে সরকার একটি গ্রহণযোগ্য সমাধানের পথে এগোচ্ছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দময় ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে কাজ করছে। শিক্ষার্থীরা যেন নিয়মিত স্কুলমুখী হয় এবং ঝরে পড়া রোধ করা যায়, সে লক্ষ্যে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান এবং ভবিষ্যতে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য প্রস্তুত হতে বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি Nazmun Nahar Baby, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা Mahmudul Hasan Russell, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা Md. Mosaddek Hossainসহ স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীরা।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়