বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২৫ এপ্রিল) রাতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতকে “রাজনৈতিকভাবে নির্মূল” করার হুমকি দিয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা অসাংবিধানিক, অশোভন এবং অনভিপ্রেত।
বিবৃতিতে তিনি দাবি করেন, এ ধরনের বক্তব্য গণতান্ত্রিক ভাষা নয় এবং এতে রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘিত হয়েছে। একজন দায়িত্বশীল নেতার কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয় বলেও উল্লেখ করেন তিনি।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের মন্তব্য দেশের রাজনৈতিক পরিবেশে উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং সহিংসতা ও অস্থিতিশীলতার ঝুঁকি বাড়ায়।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে যুক্তি ও নীতির ভিত্তিতে মোকাবিলা না করে এ ধরনের বক্তব্য দেওয়া রাজনৈতিক দুর্বলতার পরিচায়ক। তিনি দাবি করেন, অতীতেও বিভিন্ন শক্তি জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল করার চেষ্টা করলেও তা সফল হয়নি।
বিবৃতিতে বিএনপি মহাসচিবের প্রতি আহ্বান জানানো হয়, তিনি যেন এ ধরনের বক্তব্য থেকে বিরত থেকে গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক ভাষায় রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেন।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়