চলমান এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে প্রশ্নপত্র ফাঁসের গুজবে বিভ্রান্ত না হতে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-এ আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সময় তিনি গুজব থেকে দূরে থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানান।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে Facebook-এ খুব দ্রুত গুজব ছড়িয়ে পড়ছে। অনেকেই যাচাই-বাছাই ছাড়াই তা শেয়ার করছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, কিছু Telegram গ্রুপে গুজব ছড়ানো হচ্ছে, যা কিছু ক্ষেত্রে মূলধারার গণমাধ্যমেও যাচাই ছাড়াই প্রকাশিত হচ্ছে। তিনি সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, গুজব ছড়ানো বা পুনঃপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছু গণমাধ্যম গুজবভিত্তিক ভিডিও পুনঃপ্রচার করায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি সতর্ক করে বলেন, সবাই সচেতন না হলে এ ধরনের গুজব চলতেই থাকবে এবং এর ফলে শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়