দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর-এর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই হিসাব শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃত শিশুদের মধ্যে একজন হাম-এ আক্রান্ত হয়ে এবং সাতজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪২১ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৩২ হাজার ২৮ জনের হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৪৩ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬০৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৬ জনে।
হাসপাতাল পরিস্থিতি প্রসঙ্গে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৮৭৪ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে।
সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২১ হাজার ৪৩৪ জন এবং ছাড়পত্র পেয়েছে ১৭ হাজার ৯৫৫ জন।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়