1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

সেশনজট কমাতে এসএসসি-এইচএসসি পরীক্ষা এগিয়ে আনার পরিকল্পনা

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

সেশনজট নিরসনে ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরেই আয়োজনের পরিকল্পনা রয়েছে। একইভাবে এইচএসসি পরীক্ষাও এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে বোর্ড পরীক্ষার ফল প্রকাশ, ভর্তি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার মধ্যে দীর্ঘ সময় ব্যবধান তৈরি হচ্ছে। এর ফলে শিক্ষার্থীদের জীবনের মূল্যবান সময় নষ্ট হচ্ছে এবং সেশনজট ক্রমেই বাড়ছে।

তিনি উল্লেখ করেন, গত বছর এইচএসসি পরীক্ষা জুনের শেষে শুরু হয়ে ফল প্রকাশ হয় অক্টোবরের মাঝামাঝি। পরে ২০২৬ সালের জানুয়ারিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই দীর্ঘ সময় ব্যবধান কমাতে সরকার কাজ করছে।

মন্ত্রী বলেন, লক্ষ্য হলো—দুই বছরের পড়াশোনা দুই বছরের মধ্যেই শেষ করা এবং সিলেবাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরীক্ষা সম্পন্ন করা। এরপর দ্রুত ফল প্রকাশ করে সঙ্গে সঙ্গে ভর্তি কার্যক্রম শুরু করা হবে, যাতে কোনো গ্যাপ না থাকে।

তিনি আরও বলেন, ডিসেম্বরকে বছরের শেষের পরীক্ষা মাস হিসেবে নির্ধারণ করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে পরীক্ষা, ফলাফল ও ভর্তি প্রক্রিয়ার মধ্যে সমন্বয় আনা সম্ভব হবে। একইসঙ্গে অপ্রয়োজনীয় কোচিং নির্ভরতা কমানোর দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিক্ষামন্ত্রী জানান, এ পরিকল্পনা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গেও সমন্বয় করা হবে, যাতে ভর্তি পরীক্ষার সময়সূচি দ্রুত নির্ধারণ করা যায়।

তিনি বলেন, প্রশাসনিক জটিলতা বা সমন্বয়হীনতার কারণে শিক্ষার্থীদের যেন এক বা দুই বছর সময় নষ্ট না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!