1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনে তোড়জোড়, শীর্ষ পদে কারা আসছেন—চলছে জোর আলোচনা

মিডিয়া ডেস্ক
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬

দলীয় কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠন নিয়ে দলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। পদপ্রত্যাশী নেতাদের মধ্যে ইতোমধ্যে লবিং-তদবিরও জোরদার হয়েছে।

দলের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে এবং শীর্ষ পাঁচটি পদে (সুপার ফাইভ) কারা থাকবেন তা নিয়ে দলের হাইকমান্ড খোঁজখবর নিচ্ছেন। দ্রুত সময়ের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমান কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সাংগঠনিক কার্যক্রমে তাদের সম্পৃক্ততা সীমিত হয়ে পড়েছে। এছাড়া তিন বছর মেয়াদি এই কমিটির মেয়াদও ইতোমধ্যে শেষ হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজকে বহিষ্কার করার ঘটনাও সংগঠনের পুনর্গঠনের প্রয়োজনীয়তা বাড়িয়েছে। পাশাপাশি ‘এক নেতার এক পদ’ নীতি বাস্তবায়নের বিষয়টিও আলোচনায় রয়েছে।

সম্প্রতি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের বৈঠকে কমিটি পুনর্গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন, নতুন ও পুরোনো নেতৃত্বের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ কমিটি গঠন করা হবে, যেখানে রাজপথে সক্রিয় ও তৃণমূলের কাছে গ্রহণযোগ্য নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে।

স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন, কমিটি পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

নতুন কমিটির শীর্ষ পদে কারা আসছেন, তা নিয়ে দলে চলছে জোর আলোচনা। সভাপতি পদে আলোচনায় রয়েছেন সিনিয়র সহসভাপতি ইয়াসীন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহসভাপতি ফখরুল ইসলাম রবিন এবং ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি জহির উদ্দিন তুহিন।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন যুগ্ম সম্পাদক কাজী মোক্তার হোসেন, জহির উদ্দিন তুহিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, উত্তরের সভাপতি শেখ ফরিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজুল্লাহ ফয়েজসহ আরও কয়েকজন নেতা।

এছাড়া ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের মধ্য থেকেও কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল উল্লেখযোগ্য।

পদপ্রত্যাশী নেতারা বলছেন, ত্যাগী ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাদের মূল্যায়ন করা হলে সংগঠনে নতুন গতি আসবে। তারা আশা করছেন, দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা নেতারাই নতুন কমিটিতে অগ্রাধিকার পাবেন।

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, সারা দেশে সাংগঠনিক কার্যক্রম চলমান রয়েছে এবং যেসব কমিটির মেয়াদ শেষ হয়েছে সেগুলো পর্যায়ক্রমে পুনর্গঠন করা হবে। সেখানে ত্যাগী ও পরীক্ষিত নেতাদেরই মূল্যায়ন করা হবে।

উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!