যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি গবেষক শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে।
সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে একটি ফ্লাইটে করে মরদেহটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।
জানা যায়, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রে অবস্থানরত দুই বাংলাদেশি গবেষক শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। কয়েকদিনের তদন্ত ও পরীক্ষার পর ৩০ এপ্রিল নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত করা হয়।
এ ঘটনায় লিমনের সঙ্গে থাকা তার সহবাসী হিশাম আবুঘেরহে-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ধারালো অস্ত্রের একাধিক আঘাতে লিমনকে হত্যা করা হয় এবং এ ঘটনায় তার বিরুদ্ধে পরিকল্পিত দুইটি হত্যার অভিযোগ আনা হয়েছে।
এদিকে, নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা আগামী বুধবার (৬ মে) যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে বলে জানা গেছে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানান, বৃষ্টির পরিবারের অনুরোধে মরদেহ দ্রুত দেশে ফেরত আনার প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ বিষয়ে দূতাবাস ও মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে কাজ করছে।
লিমন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশ ও নীতি বিষয়ে উচ্চতর গবেষণা করছিলেন। নাহিদা সুলতানা বৃষ্টি রসায়ন প্রকৌশল বিষয়ে অধ্যয়নরত ছিলেন।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়