টাঙ্গাইলের সদর উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
সোমবার (৪ মে) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যমুনাসেতুগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপর একটি পিকআপ ভ্যানকে অতিক্রম করার সময় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আরও দুইজন আহত হন।
নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।