মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট বিটে কর্মরত গণমাধ্যমকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন। এ সময় তারা সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশে চলমান নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
রোববার (৩ মে) দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)। মানববন্ধনে শতাধিক গণমাধ্যমকর্মী অংশ নেন।
বক্তারা বলেন, গত প্রায় চার মাস ধরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাস ও হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাদের মতে, আদালত একটি পাবলিক প্লেস হওয়ায় বিচার কার্যক্রম পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহের অধিকার গণমাধ্যমের থাকা উচিত।
সাংবাদিক নেতারা আরও বলেন, এ ধরনের নিষেধাজ্ঞা শুধু পেশাগত প্রতিবন্ধকতা নয়, এটি সংবিধানের ৩৯ অনুচ্ছেদে প্রদত্ত মতপ্রকাশ ও তথ্যের স্বাধীনতার লঙ্ঘন। তারা দাবি করেন, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে বিচার কার্যক্রমে গণমাধ্যমের প্রবেশাধিকার থাকা জরুরি।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরী দায়িত্ব গ্রহণের পর থেকে আপিল বিভাগের এজলাস কক্ষে সাংবাদিক প্রবেশে মৌখিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এতে বিচারিক কার্যক্রম সম্পর্কে জনসাধারণের তথ্যপ্রাপ্তি বাধাগ্রস্ত হচ্ছে বলে তারা দাবি করেন।
বক্তারা আরও বলেন, আদালতসহ সব পাবলিক স্থানে সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব। স্বচ্ছ ও জবাবদিহিমূলক বিচারব্যবস্থার জন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মানববন্ধনে বক্তব্য দেন এসআরএফ সভাপতি মাসউদুর রহমান রানা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্নাসহ অন্যান্য সাংবাদিক নেতারা।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, কোষাধ্যক্ষ, দফতর সম্পাদকসহ সুপ্রিম কোর্ট বিটে কর্মরত গণমাধ্যমকর্মীরা।
সাংবাদিকরা বলেন, অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আদালতে সংবাদ সংগ্রহের সুযোগ ফিরিয়ে দিতে হবে। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়