বলিউডের সোনালি যুগের পরিচিত মুখ ও শক্তিশালী অভিনয়ের জন্য দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া অভিনেতা ভরত কাপুর আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (২৭ এপ্রিল) দুপুরে মুম্বাইয়ে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
পরিবার ও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটে। একই দিন সন্ধ্যায় মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
তার মৃত্যুতে বলিউড চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দীর্ঘদিনের সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু অবতার গিল জানান, ভরত কাপুরের সঙ্গে তার প্রায় পাঁচ দশকের বন্ধুত্বের ইতি ঘটল এই দুঃখজনক ঘটনায়।
১৯৭০-এর দশকে বলিউডে যাত্রা শুরু করা ভরত কাপুর মূলত পার্শ্বচরিত্র ও খলচরিত্রের সহচর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান। সংলাপ বলার স্বতন্ত্র ভঙ্গি, দৃঢ় উপস্থিতি এবং স্বাভাবিক অভিনয় তাকে আলাদা পরিচিতি এনে দেয়।
তিনি একাধিক জনপ্রিয় ও ব্যবসাসফল চলচ্চিত্রে কাজ করেছেন, যার মধ্যে রয়েছে নুরি, রাম বলরাম, লাভ স্টোরি, বাজার, গুলামি এবং সাজন চলে শ্বশুরাল। প্রতিটি চরিত্রেই তিনি নিজের ছাপ রেখে গেছেন—কখনো আইনজীবী, কখনো পুলিশ কর্মকর্তা, আবার কখনো শক্তিশালী খলচরিত্রে।
বড় পর্দার পাশাপাশি টেলিভিশনেও তিনি সমানভাবে জনপ্রিয় ছিলেন। ‘ক্যাম্পাস’, ‘শাঁস’, ‘আমানত’, ‘তারা’ ও ‘চুনোতি’সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করে তিনি ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন।
ব্যক্তিগত জীবনে ভরত কাপুর স্ত্রী লোপা এবং দুই ছেলে রাহুল ও সাগরকে রেখে গেছেন। এর আগে তার একমাত্র কন্যা কবিতার মৃত্যু তাকে গভীরভাবে শোকাহত করেছিল।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়