রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলের জালে ধরা পড়েছে প্রায় ২৫ কেজি ওজনের একটি বিশাল পাঙাশ মাছ। স্থানীয় আড়তে নিলামের পর মাছটি বিক্রি হয়েছে ৭১ হাজার ২৫০ টাকায়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের কাছাকাছি পদ্মা-যমুনার সংযোগস্থলে জাল ফেলেন জেলে এরশাদ ও তার দল। ভোর আনুমানিক ৫টার দিকে জাল টানার সময় ভারী টান অনুভব করলে তারা বুঝতে পারেন বড় কিছু আটকা পড়েছে। পরে জাল তুলতেই দেখা যায় বিশাল আকৃতির পাঙাশ মাছ।
পরে মাছটি নিয়ে যাওয়া হয় দৌলতদিয়া বাজারের রেজাউল মণ্ডলের মাছের আড়তে। সেখানে ওজন মেপে দেখা যায়, মাছটির ওজন ২৫ কেজি। এরপর উন্মুক্ত নিলামে প্রতি কেজি ২ হাজার ৮০০ টাকা দরে দাম ওঠে।
নিলামে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার ব্যবসায়ী মো. চান্দু মোল্লা। পরে তিনি কুষ্টিয়ার পোড়াদহ এলাকার এক শিল্পপতির কাছে মাছটি বিক্রি করেন। চূড়ান্ত দামে প্রতি কেজি ২ হাজার ৮৫০ টাকা হিসেবে মোট মূল্য দাঁড়ায় ৭১ হাজার ২৫০ টাকা।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, পদ্মার বড় পাঙাশ মাছের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। তাই নিলামে সুযোগ পেয়ে তিনি মাছটি কিনে নেন এবং পরে সামান্য লাভে বিক্রি করেন।
এ ধরনের বড় মাছ ধরা পড়ায় স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে উচ্ছ্বাস ও আলোচনার সৃষ্টি হয়েছে। পদ্মা নদীর বড় মাছকে ঘিরে এলাকায় নতুন করে আগ্রহও দেখা দিয়েছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়