1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষঃ

ওটিটি কনটেন্টেও সার্টিফিকেশন বাধ্যতামূলক করার উদ্যোগ

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বড় পর্দার চলচ্চিত্র মুক্তির ক্ষেত্রে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র বাধ্যতামূলক। তবে দীর্ঘদিন ধরে ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট তুলনামূলক স্বাধীনভাবে মুক্তি পেয়ে আসছে। এবার ওটিটি মাধ্যমের কনটেন্টের ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র বাধ্যতামূলক করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল জানান, ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ চলছে। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা শুরু করেছেন বলেও জানান তিনি।

আওলাদ হোসেন উজ্জ্বলের ভাষ্য, অনেক সময় ওটিটিতে কোনো চলচ্চিত্র বা সিরিজ মুক্তির পর বিভিন্ন ধরনের আলোচনা-সমালোচনা তৈরি হয়। তখন সরকারের কাছে পূর্বনির্ধারিত তদারকি বা জবাবদিহিতার সুযোগ থাকে না। এ কারণে ওটিটি কনটেন্টের জন্যও নির্দিষ্ট নিয়ম-নীতি থাকা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তিনি জানান, সিনেমা হল কিংবা ওটিটি—দেশের সব প্ল্যাটফর্মের কনটেন্টই একটি নির্দিষ্ট কাঠামোর আওতায় থাকা উচিত। এ বিষয়ে সচিবালয়ে অনুষ্ঠিত একটি বৈঠকে প্রস্তাবনাও উপস্থাপন করা হয়েছে। দ্রুতই ওটিটি কনটেন্টের জন্য নতুন নীতিমালা চূড়ান্ত হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশে এতদিন ওটিটি কনটেন্টের জন্য সার্টিফিকেশন বাধ্যতামূলক ছিল না। তবে অতীতে এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ২০২৪ সালের শুরুতে নির্মাতা রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ তৎকালীন সেন্সর বোর্ডের আপত্তির মুখে মুক্তি আটকে যায়। সাংবাদিক দম্পতির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিকে তখন ‘প্রদর্শন অনুপযোগী’ ঘোষণা করা হয়েছিল।

পরবর্তীতে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পুরোনো সেন্সর বোর্ড বিলুপ্ত করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হলে ‘অমীমাংসিত’ মুক্তির ছাড়পত্র পায়। নতুন নীতিমালা কার্যকর হলে ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট নির্মাণ ও মুক্তির প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page