
গাজীপুরের কালিয়াকৈরে প্রয়োজনীয় কাগজপত্র ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই মসলা উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় কারখানাটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন পণ্যের লোগো ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সফিপুর পূর্বপাড়া রাখালিয়াচালা এলাকায় অবস্থিত আনিকা ফুড প্রোডাক্টস নামের মসলা তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে কারখানাটিতে বিভিন্ন ধরনের মসলা ও খাদ্যপণ্য উৎপাদন করে বাজারজাত করা হচ্ছিল। স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তি এবং বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করে এসব কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে। এ ছাড়া পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে নানা অনিয়মের তথ্য পাওয়া যায়।
পরে গাজীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় কারখানাটিতে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়ায় কর্তৃপক্ষকে সতর্ক করা হয় এবং ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিভিন্ন পণ্যের লোগো ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়।
অভিযানের বিষয়ে সহকারী পরিচালক আফসানা পারভীন জানান, কারখানাটির প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।