
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি।
শনিবার (৮ আগস্ট) টেলিগ্রামে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে মোজতবা খামেনিকে ঘিরে থাকতে দেখা যায়। এ সময় তিনি আশপাশের লোকজনের সঙ্গে কথা বলছিলেন।
তবে ভিডিওটি কখন এবং কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে কোনো তথ্য দেওয়া হয়নি। ভিডিওতে মোজতবা খামেনিকে ঘিরে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালায়। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং বহু সাধারণ নাগরিক নিহত হন।
এর পরিপ্রেক্ষিতে ইরান ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। গত মার্চের শুরুর দিকে দেশটির ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।