
নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এ অভিনয় করে আবারও দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিন। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পাওয়া সিরিজটি পরিচালনা করেছেন সালেহ সোবহান অনীম।
সাংবাদিকতা ও সত্য অনুসন্ধানের গল্প নিয়ে নির্মিত এই সিরিজে দোলন চরিত্রে অভিনয় করেছেন সারিকা। আত্মবিশ্বাসী, দায়িত্বশীল এক নারীর চরিত্রে তিনি একজন সাংবাদিকের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন, যিনি এক সময় একটি বড় রহস্যের সঙ্গে জড়িয়ে পড়েন। সেই ঘটনার পর তার জীবন আমূল বদলে যায় এবং একের পর এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাকে।
নিজের চরিত্র নিয়ে সারিকা বলেন, “আমার মনে হয় বর্তমান সময়ের অনেক নারী দোলনের সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন। কারণ জীবনের নানা সংকটের মধ্যেও কীভাবে শক্ত থেকে সামনে এগিয়ে যেতে হয়, দোলনের গল্প সেটাই তুলে ধরে।”
‘হেডলাইন’ মুক্তির পর দর্শকদের পাশাপাশি সহকর্মী, বন্ধু ও পরিচিতদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানান এই অভিনেত্রী। তার ভাষ্য, গল্প, নির্মাণশৈলী এবং চরিত্র—সবকিছুই প্রশংসিত হয়েছে।
চাহিদা থাকা সত্ত্বেও কেন নিয়মিত অভিনয় করছেন না—এমন প্রশ্নের জবাবে সারিকা বলেন, ভালো গল্প ও শক্তিশালী চরিত্রের প্রস্তাব খুব কম আসে। প্রায় দেড় দশকের অভিনয়জীবনের অভিজ্ঞতায় এখন তিনি বেছে বেছে কাজ করতে চান।
তিনি বলেন, “আমি অবশ্যই কাজ করতে চাই। কিন্তু একই ধরনের গল্প বা চিত্রনাট্যের পুনরাবৃত্তি করতে চাই না। ভালো গল্প, শক্তিশালী চরিত্র এবং একজন দক্ষ নির্মাতা থাকলে আমি অবশ্যই কাজ করব।”
নতুন কাজ প্রসঙ্গে সারিকা জানান, কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা চলছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত সেগুলো নিয়ে বিস্তারিত বলতে চান না।
এদিকে নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ওয়েব সিরিজ ‘অ্যানি’-তেও অভিনয় করেছেন সারিকা। সিরিজটির বিশ্ব প্রিমিয়ার ইতোমধ্যে জার্মানির কোলন শহরে অনুষ্ঠিত হয়েছে। তবে এটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
উল্লেখ্য, ২০০৮ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন সারিকা সাবরিন। পরে আশুতোষ সুজন পরিচালিত নাটক ‘ক্যামেলিয়া’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার। বিজ্ঞাপনচিত্র, নাটক ও বিভিন্ন টেলিভিশন প্রযোজনায় অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেন।