
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর গুলশান এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
এর আগে একই দিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি জানান, শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি তিনি সেদিনই জানতে পারেন।
তিনি বলেন, আদালতে হাজির না হলে আত্মগোপনে যাওয়ার ধারণা সৃষ্টি হতে পারত। সে কারণেই তিনি আদালতে উপস্থিত হয়েছেন।
শাপলা চত্বরের ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে সাবেক এই মন্ত্রী বলেন, ঘটনার সময় তিনি মন্ত্রিসভায় থাকলেও ওই ঘটনার বিষয়ে তার কোনো সংশ্লিষ্টতা ছিল না।
আদালত সূত্রে জানা গেছে, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা পৃথক একটি মামলায় বুধবার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত আগামী ৭ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি গোলটেবিল আলোচনা চলাকালে আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে পুলিশ হেফাজতে নেয়। পরে তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় তিনি পরবর্তীতে হাইকোর্ট থেকে জামিন পান।
আব্দুল লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের মনোনয়নে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০৯ সালে মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে হজ বিষয়ে বিতর্কিত মন্তব্যের পর তিনি মন্ত্রিসভা ও আওয়ামী লীগ—উভয় থেকেই বহিষ্কৃত হন। পরে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হলেও একই বছরের রাজনৈতিক পরিবর্তনের পর সংসদ বিলুপ্ত হলে তার সংসদ সদস্য পদও বাতিল হয়ে যায়।